চীনে ‘কোরআন মাজিদ’ অ্যাপ সরিয়ে নিলো অ্যাপল

১৬ অক্টোবর, ২০২১ ০৯:৩৯  
আইওএসে বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘কোরআন মাজিদ’। লাখো মুসলিম ব্যবহার করেন অ্যাপটি। অ্যাপটির রয়েছে দেড় লাখের মতো রিভিউ। কিন্তু চীন সরকারের অনুরোধে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোরআন মাজিদ অ্যাপটিতে ‘অবৈধ ধর্মীয় বার্তা’ থাকায় তা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য কোরআন অ্যাপ সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে বিবিসি’র অনুরোধে সাড়া দেয়নি বেইজিং। মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপলও। তবে নিজেদের মানবাধিকার নীতির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রতিষ্ঠানটি বলেছে, আমাদের স্থানীয় আইন মেনে চলতে হয় এবং মাঝে মধ্যে এমন জটিল সমস্যা আসে, যা নিয়ে সরকারের সঙ্গে ভিন্নমতও থাকতে পারে। বিবিসি’র খবরে প্রকাশ, চীনে কোরআন অ্যাপ সরিয়ে ফেলার বিষয়টি প্রথম নজরে পড়ে অ্যাপল সেন্সরশিপ নামে একটি প্রতিষ্ঠানের। এটি বিশ্বজুড়ে অ্যাপ স্টোরে থাকা বিভিন্ন অ্যাপের বিষয়াদি পর্যবেক্ষণ করে থাকে। এক বিবৃতিতে কোরআন মাজিদ অ্যাপের নির্মাতা পিডিএমএস বলেছে, অ্যাপল জানিয়েছে, আমাদের অ্যাপটি চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ এতে এমন কিছু বিষয়বস্তু রয়েছে, যার জন্য চীনা কর্তৃপক্ষের কাছ থেকে বাড়তি অনুমতি প্রয়োজন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এ সমস্যা সমাধানে চীনের সাইবার স্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।